
গেন্ডারিয়ায় এলোপাথাড়ি গুলিবর্ষণে আহত সিয়াম (১৮):ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর গেন্ডারিয়ায় বিদ্যুৎ সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে এক নারীসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে করাতীটোলা ও স্বামীবাগের মুন্সীরটেক এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন চা-দোকানি আলমগীর (৩৩), পথচারী সিয়াম (১৮) ও আশা আক্তার (২০)। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, সিয়ামের বুকের বাঁ পাশে, আলমগীরের মাথায় এবং আশা আক্তারের ডান পায়ে গুলি লেগেছে। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এলাকায় মাদককে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এর জের ধরে একপর্যায়ে মারামারি ও গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় বিদ্যুৎ সংযোগ বন্ধ করে গুলি ছোড়া হয় বলে অভিযোগ রয়েছে।
পুলিশের একটি প্রতিবেদনে স্থানীয় কয়েকজনের সম্পৃক্ততার কথা উল্লেখ করা হয়েছে। সেখানে একজন ব্যক্তি অবৈধ পিস্তল দিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়েন বলেও উল্লেখ করা হয়েছে। তবে ঘটনার প্রকৃত কারণ ও গুলিবর্ষণে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে বলে জানিয়েছে পুলিশ।
গেন্ডারিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. রিপন বলেন, গোলাগুলির ঘটনায় তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এ ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।
জনবহুল এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ করে গুলিবর্ষণের ঘটনায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।







