
নড়াইলথেকেউজ্জ্বলরায়
নড়াইলের লোহাগড়া উপজেলায় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভ্যানচালক ইসলাম শেখকে (৫০) কুপিয়ে হত্যার ঘটনায় পুলিশ অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে এবং ঘটনার সাথে জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে।
বিবরণী জানা যায়, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৫) দুপুর আড়াইটার দিকে উপজেলার শালনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে টিপু সুলতান ও মফিজার শেখের অনুসারীদের মধ্যে সংঘর্ষ বাধে। এরপর বিকেল ৩টার দিকে ভ্যান চালিয়ে বাড়ি ফেরার পথে রঘুনাথপুর কবরস্থান এলাকায় পৌঁছলে টিপু সুলতান পক্ষীয় ২০-২৫ জন দেশীয় অস্ত্র (রামদা, ছ্যানদা, হাতুড়ি, লাঠিসোটা) নিয়ে ইসলাম শেখকে ঘিরে ফেলে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে।
স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় ইসলাম শেখকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ইসলাম শেখ একই গ্রামের মৃত বজলু শেখের ছেলে এবং পেশায় অটোভ্যানচালক ছিলেন।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান জানান, খবর পেয়ে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। সন্ধ্যায় লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে এবং অবশিষ্ট আসামিদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে অভিযুক্ত টিপু সুলতান পক্ষের কারো বক্তব্য পাওয়া যায়নি।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় টিপু সুলতান (আওয়ামী লীগ সমর্থক) ও তাঁর অনুসারীদের সঙ্গে শালনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজার শেখ ও তাঁর অনুসারী ইসলাম শেখের (স্বেচ্ছাসেবক দল নেতা) মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো।
সর্বশেষ শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৫) সকাল পর্যন্ত পুলিশি অভিযান অব্যাহত রয়েছে এবং মামলার আইনি প্রক্রিয়া চলমান।







