
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামী)।ছবি: সংগৃহীত
মানবাধিকার কণ্ঠ প্রতিবেদক
অনুমতি ছাড়া ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্য ফেসবুকে প্রকাশ এবং অচেনা নম্বর থেকে ফোন করে হুমকি দেওয়ার অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামী)।
রোববার শাহবাগ থানায় তিনি জিডিটি করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
জিডি সূত্রে জানা গেছে, শেহরীন আমিন ভূঁইয়ার অনুমতি ছাড়াই তাঁর মোবাইল নম্বর, ই-মেইল ঠিকানা ও বাসার ঠিকানা ফেসবুকে পোস্ট করা হয়। এরপর বিভিন্ন অচেনা নম্বর থেকে ফোন করে তাঁকে নানা ধরনের বাজে কথা বলা এবং হুমকি দেওয়ার অভিযোগ করেছেন তিনি।
বাসার ঠিকানা প্রকাশ্যে চলে আসায় নিজের বাসভবনে থাকাকেও অনিরাপদ মনে করছেন ওই শিক্ষক। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং ঘটনার আইনি প্রতিকার চেয়ে তিনি থানায় জিডি করেন।
শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত শুরু হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। জিডিটি গোয়েন্দা শাখায় (ডিবি) পাঠানো হবে বলেও জানান তিনি।
ফেসবুকে কোন অ্যাকাউন্ট থেকে শেহরীন আমিন ভূঁইয়ার ব্যক্তিগত তথ্য প্রকাশ করা হয়েছে, সে বিষয়ে তাঁর বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি।






