
বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ‘মেট আরওভি ইন্টারন্যাশনাল আন্ডারওয়াটার রোবট কম্পিটিশন ২০২৬’-এ বিশ্বচ্যাম্পিয়ন হওয়া এমআইএসটির দলের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী : ছবি-সংগৃহীত
তরুণ উদ্ভাবকদের গবেষণা, প্রযুক্তি ও স্টার্টআপ উদ্যোগে সরকারের সহযোগিতার আশ্বাস
।। নিজস্ব প্রতিবেদক।।
আন্তর্জাতিক আন্ডারওয়াটার রোবট প্রতিযোগিতায় বিশ্বচ্যাম্পিয়ন হওয়া মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ। দেশের তরুণদের গবেষণা, প্রযুক্তিগত উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর স্টার্টআপ উদ্যোগে সরকার সবসময় সহযোগিতা করবে।
রোববার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ‘মেট আরওভি ইন্টারন্যাশনাল আন্ডারওয়াটার রোবট কম্পিটিশন ২০২৬’-এ বিশ্বচ্যাম্পিয়ন হওয়া এমআইএসটির দলের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
সাক্ষাৎকালে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জনের জন্য এমআইএসটির বিজয়ী দলকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। ভবিষ্যতে তাদের গবেষণা, প্রযুক্তিগত উন্নয়ন এবং নতুন উদ্ভাবনী উদ্যোগে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও দেন তিনি।
১৮ দেশের ৮৮ দলকে পেছনে ফেলে বিশ্বচ্যাম্পিয়ন বাংলাদেশ দল দেশের জন্য আন্তর্জাতিক অঙ্গনে গৌরব বয়ে আনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এ ধরনের উদ্ভাবন বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতাকে আরও শক্তিশালী করবে এবং নতুন উচ্চতায় নিয়ে যাবে।
তিনি বলেন, বাংলাদেশকে আরও এগিয়ে নিতে উদ্ভাবক, গবেষক ও প্রযুক্তি উদ্যোক্তাদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। তরুণরা প্রযুক্তিনির্ভর স্টার্টআপ প্রতিষ্ঠা করতে চাইলে সরকারের স্টার্টআপ কর্মসূচির মাধ্যমে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
প্রধানমন্ত্রীর সামনে বিশ্বজয়ী দলের সাথে সাক্ষাৎকালে এমআইএসটির শিক্ষার্থীরা তাদের তৈরি বিশ্বজয়ী আন্ডারওয়াটার রোবটটি প্রধানমন্ত্রীর সামনে প্রদর্শন করেন। এ সময় রোবটটির নকশা, প্রযুক্তিগত সক্ষমতা এবং বাস্তব ক্ষেত্রে এর সম্ভাব্য ব্যবহার সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন তারেক রহমান।
প্রধানমন্ত্রী জানান, রোবটটির প্রযুক্তিগত উন্নয়ন, বাণিজ্যিকীকরণ এবং ভবিষ্যতের আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের ক্ষেত্রে প্রয়োজনীয় সরকারি সহযোগিতা দেওয়া হবে।
এমআইএসটির উদ্ভাবকদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও জানতে চান তিনি। শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করে প্রযুক্তি খাতেই কাজ করার পাশাপাশি নিজেদের উদ্যোগে নতুন কিছু উদ্ভাবনে আগ্রহী বলে প্রধানমন্ত্রীকে জানান।
জবাবে প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তিনির্ভর স্টার্টআপ গড়ে তুলতে চাইলে সরকারের স্টার্টআপ কর্মসূচির আওতায় প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
দেশের অর্থনীতিকে আরও গতিশীল করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, তৈরি পোশাক শিল্পের পাশাপাশি সেমিকন্ডাক্টর, ফার্মাসিউটিক্যালস, ফার্নিচার ও কসমেটিকসের মতো সম্ভাবনাময় খাতকে শক্তিশালী করে বহুমুখী রপ্তানি অর্থনীতি গড়ে তুলতে সরকার কাজ করছে।
তিনি বলেন, সেমিকন্ডাক্টর শিল্পকে বিশেষ অগ্রাধিকার দিয়ে দেশি ও বিদেশি বিনিয়োগ আকর্ষণের পাশাপাশি দক্ষ জনশক্তি তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এ খাতের উন্নয়নে বিদেশে কর্মরত বাংলাদেশি সেমিকন্ডাক্টর বিশেষজ্ঞদের দেশে ফিরে অবদান রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, দেশের প্রতিটি খাতে সবাই নিজ নিজ অবস্থান থেকে দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করলে বাংলাদেশ আরও দ্রুত এগিয়ে যাবে।
উল্লেখ্য, কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডরে গত ২৩ থেকে ২৯ জুন অনুষ্ঠিত ‘মেট আরওভি ইন্টারন্যাশনাল আন্ডারওয়াটার রোবট কম্পিটিশন ২০২৬’-এ বিশ্বের ১৮টি দেশের মোট ৮৮টি দল অংশ নেয়।
যুক্তরাষ্ট্র, কানাডা, চীন ও সৌদি আরবসহ বিভিন্ন দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের দলগুলোকে পেছনে ফেলে এমআইএসটির ‘মিস্ট ম্যাভিরভ’ দল প্রথম স্থান অর্জন করে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের একটি দল রানার্স-আপ হয় এবং আয়োজক দেশ কানাডা তৃতীয় স্থান লাভ করে।
সাক্ষাৎকালে প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামসুল ইসলাম, এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কে এম মোস্তাফিজুর রহমান এবং বিজয়ী দলের ১০ জন শিক্ষার্থী প্রতিনিধি উপস্থিত ছিলেন।
খবর সূত্র :





