
জন্মাষ্টমী উৎসব উদযাপন উপলক্ষে মিছিলের উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্র।ছবি :সংগৃহীত।
জন্মাষ্টমী উৎসবে স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা—বাংলাদেশে আর ‘সংখ্যালঘু’ পরিচয়ের প্রয়োজন নেই, সবাই নাগরিক হিসেবে সমান অধিকার ভোগ করবে
মানবাধিকার কণ্ঠ প্রতিবেদক
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং নাগরিকত্বের ভিত্তিতেই দেশের প্রতিটি মানুষ সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে। তিনি স্পষ্ট করে জানান, বাংলাদেশে বসবাসকারী কোনো জনগোষ্ঠীকে আর ‘সংখ্যালঘু’ হিসেবে পরিচিত হওয়ার প্রয়োজন নেই।
শুক্রবার রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে ‘কেন্দ্রীয় জন্মাষ্টমী উৎসব ১৪৩৩’ উপলক্ষে আয়োজিত ঐতিহাসিক জন্মাষ্টমী মিছিলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আয়োজনটি মহানগর সার্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ যৌথভাবে করে।
মন্ত্রী বলেন, আমাদের প্রথম পরিচয় হওয়া উচিত ‘আমরা সবাই বাংলাদেশি’। ধর্মীয়, সামাজিক কিংবা নৃগোষ্ঠীগত পরিচয় পরে আসবে। রাষ্ট্র পরিচালনায় সরকারের মূল নীতি হলো—সবার আগে বাংলাদেশ।
তিনি আরও উল্লেখ করেন, অতীতে সনাতন ধর্মাবলম্বীদের একটি নির্দিষ্ট দলের ‘ভোট ব্যাংক’ হিসেবে ব্যবহার করার চেষ্টা হয়েছিল। কিন্তু সচেতন জনগণ সেই ভ্রান্ত ধারণা ভেঙে দিয়েছে। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর গত ছয় মাসে সকল ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা ও আচার-অনুষ্ঠান সুনিশ্চিত করা হয়েছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, জনগণই বিচারক। তারা ইতোমধ্যে রায় দিয়েছেন এবং ভবিষ্যতেও গণতন্ত্রকে সুদৃঢ় রাখতে ঐক্যবদ্ধ থাকবেন। সংবিধান অনুযায়ী রাষ্ট্র প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে বাধ্য এবং ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য করা যাবে না।
তিনি জানান, সকল ধর্মীয় উপাসনালয় ও দায়িত্বপ্রাপ্তদের পূর্ণ নিরাপত্তা দেওয়া হয়েছে। সরকার কেবল সংবিধানে নয়, বাস্তবেও সাম্য ও সম্প্রীতি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
ভাষার ব্যবহারে পরিবর্তনের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি’ শব্দটির পরিবর্তে এখন থেকে বলা উচিত ‘ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি, সহাবস্থান এবং শান্তি’। এই ইতিবাচক চর্চাই সমাজকে আরও সুন্দর করবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র দেবনাথ। উদ্বোধক হিসেবে বক্তব্য দেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও ক্ষুদ্র নৃগোষ্ঠী বিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার এবং ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান। এছাড়া বক্তব্য দেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান তপন চন্দ্র মজুমদার, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক শুভাশীষ কুমার বিশ্বাস (সাধন)। শুরুতে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে মিছিলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম।
জন্মাষ্টমীর মিছিলটি পলাশী মোড় থেকে শুরু হয়ে বাহাদুর পার্কে গিয়ে শেষ হয়।






