ইউক্রেন যুদ্ধ বন্ধে মস্কোতে মার্কিন প্রতিনিধিদের বৈঠক

ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে সম্ভাব্য পদক্ষেপ নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন মার্কিন প্রতিনিধির। ছবি: সংগৃহীত
মানবাধিকার কন্ঠ অনলাইন
ঢাকা, ৬ সেপ্টেম্বর ২০২৬ : ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে সম্ভাব্য পদক্ষেপ নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন মার্কিন প্রতিনিধিরা। শনিবার মস্কোতে অনুষ্ঠিত এ বৈঠকে যুদ্ধ বন্ধে পরবর্তী করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে হোয়াইট হাউস জানিয়েছে।
হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যবসায়িক সহযোগী স্টিভ উইটকফ এবং তাঁর জামাতা জ্যারেড কুশনার বৈঠকে অংশ নেন। তারা পুতিনের সঙ্গে যুদ্ধ বন্ধের জন্য একটি বিস্তৃত পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, আলোচিত পরিকল্পনাগুলো আগামী কয়েক সপ্তাহের মধ্যে প্রকাশ করা হবে। এতে যুদ্ধবিরতি ও শান্তি প্রতিষ্ঠার জন্য বাস্তবসম্মত পদক্ষেপ অন্তর্ভুক্ত থাকবে। মার্কিন প্রতিনিধিরা আশা প্রকাশ করেছেন, এসব উদ্যোগ ইউক্রেন সংকট নিরসনে কার্যকর ভূমিকা রাখবে।
এছাড়া তারা জানিয়েছেন, রোববার ইউক্রেনে আরেকটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে যুদ্ধ বন্ধের সম্ভাব্য পথনকশা নিয়ে আরও ফলপ্রসূ আলোচনা হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
উল্লেখ্য, ইউক্রেন যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক মহল দীর্ঘদিন ধরে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এবার মার্কিন প্রতিনিধিদের সরাসরি অংশগ্রহণকে অনেকেই শান্তি প্রক্রিয়ার জন্য ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন।









