ইউপিডিএফ-জেএসএস আধিপত্যের দ্বন্দে, সাজেকে সড়ক ও নৌপথ অবরোধ, গোলাগুলি
self October 22, 2026 (Last updated: October 31, 2026) 1 minute read 0 comments
রাঙামাটির সাজেকের উজোবাজার এলাকায় সড়ক অবরোধ ও সংঘর্ষ। ছবি: সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক | মানবাধিকার কণ্ঠ অনলাইন
ইউপিডিএফ-জেএসএস আধিপত্যের দ্বন্দে, সাজেকে সড়ক ও নৌপথ অবরোধ, গোলাগুলির ঘটনার মধ্যে এবার রাঙ্গামাটির সাজেক ভ্যালি থেকে ফেরার পথে পর্যটকদের লক্ষ্য করে গুলিবর্ষণ এবং আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ঘটনায় উদ্ভূত পরিস্থিতির মধ্যেই রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা দিয়েছে ‘ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ’।
এদিকে অংগ্য মারমা নামে ইউপিডিএফ এর এক মুখপাত্র সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানিয়েছেন, ‘মূলত জেএসএস সন্তু গ্রুপের একটি সশস্ত্র গোষ্ঠীকে সাজেক থেকে সরিয়ে নেওয়ার ন্যায্য দাবিতে সাজেকবাসীর চলমান শান্তিপূর্ণ সড়ক অবরোধ কর্মসূচি বানচাল করার অপচেষ্টার অংশ হিসেবে এই গুলিবর্ষণের ঘটনা প্রচার করা হচ্ছে।’
এর আগে ইউপিডিএফ ও জেএসএস প্রতিষ্ঠার জেরে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের উজোবাজার এলাকায় সড়ক অবরোধকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পার্বত্য সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে।
২২ অক্টোবর বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এই পরিস্থিতির সৃষ্টি হয়। এ ঘটনায় সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশে যাত্রা করা পর্যটকরা আটকা পড়ে। পরে নিরাপত্তা বাহিনী বিশেষ নিরাপত্তায় নিরাপদে পর্যটকদের একটি বড় অংশ সাজেক এলাকা ছেড়ে খাগড়াছড়ির দিকে অগ্রসর হয়ে দীঘিনালার কাছাকাছি পৌঁছেছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্র ও সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকে সাজেক সড়কের উজোবাজার এলাকায় অবরোধকারীরা অবস্থান নেয়। এতে সাজেক থেকে খাগড়াছড়ির দিকে যাওয়া পর্যটকবাহী গাড়িগুলো বাধার মুখে আটকেপড়ে।
আটকে পড়া পর্যটকদের নিরাপদে ফিরিয়ে নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সড়কের প্রতিবন্ধকতা সরানোর চেষ্টা করলে প্রথমে ধাক্কাধাক্কি ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে গোলাগুলিতে রূপ নেয়।
জানা গেছে সাজেক কারবারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটি তিন দফা দাবিতে আবারও অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধের কর্মসূচি ঘোষণা করে।
জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আঞ্চলিক দুই সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) বিরোধের জেরে সাজেক সড়কে অবরোধের ডাক দেয় ইউপিডিএফ-সমর্থিত সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারী অ্যাসোসিয়েশন।
এদিকে জেএসএসের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন সংগঠনটির রাঙ্গামাটি জেলা সভাপতি গঙ্গামানিক চাকমা। তিনি বলেন, ‘এসব ইউপিডিএফের ষড়যন্ত্রমূলক অপপ্রচার। দীর্ঘদিন ধরে সাজেকে ইউপিডিএফ যে সন্ত্রাসী তৎপরতা ও জনগণের ওপর শোষণ-পীড়ন চালাচ্ছে, সেখান থেকে নজর সরাতেই তারা এ কাজ করছে।’