
নিজস্ব প্রতিবেদক | মানবাধিকার কণ্ঠ অনলাইন
জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে আনা আটটি অভিযোগের মধ্যে তিনটি প্রমাণিত হয়েছে। এসব অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ তাঁকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন। তবে তিনটি সাজা একই সঙ্গে কার্যকর হওয়ায় ইনুকে মোট ১০ বছরই কারাগারে থাকতে হবে।
রোববার (২০ সেপ্টেম্বর ২০২৬) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ ইনুর মামলার প্রায় ৫০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে। এর আগে ৩০ জুন ২০২৬ ট্রাইব্যুনাল তাঁর বিরুদ্ধে মামলার রায় ঘোষণা করেছিলেন।
ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায়ে বলা হয়েছে, ইনুর বিরুদ্ধে আনা ৩, ৬ ও ৭ নম্বর অভিযোগ প্রমাণিত হয়েছে। ৩ নম্বর অভিযোগে রাজনৈতিক নিপীড়ন, নির্যাতন ও আন্দোলনকারীদের আহত করার ঘটনায় দায়ের প্রেক্ষিতে তাঁকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ৬ নম্বর অভিযোগে মানবতাবিরোধী অপরাধের ষড়যন্ত্র, প্ররোচনা ও সহযোগিতার দায়ে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। ৭ নম্বর অভিযোগেও ষড়যন্ত্রের দায়ে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
তবে ইনুর বিরুদ্ধে আনা ১, ২, ৪, ৫ ও ৮ নম্বর অভিযোগ প্রমাণিত হয়নি। এসব অভিযোগ থেকে তাঁকে খালাস দেওয়া হয়েছে।
মামলার অভিযোগে ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় বিভিন্ন বক্তব্য, রাজনৈতিক সভা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে আন্দোলন দমনে উসকানি, ষড়যন্ত্র ও সহযোগিতার অভিযোগ আনা হয়েছিল। এর মধ্যে ২০ জুলাই কুষ্টিয়ার পুলিশ সুপারের সঙ্গে ফোনে যোগাযোগ এবং আন্দোলনকারীদের দমন ও হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগও ছিল।
এ ছাড়া ১৪ দলীয় জোটের সভায় অংশগ্রহণ, জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার সিদ্ধান্তে ভূমিকা এবং আন্দোলন দমনে বিভিন্ন পদক্ষেপের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ মামলায় তুলে ধরা হয়। তবে সব অভিযোগ আদালতে প্রমাণিত হয়নি।
রায়ের বিরুদ্ধে প্রসিকিউশন ও আসামিপক্ষ উভয়ই আপিলের প্রস্তুতি নিচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বিধান অনুযায়ী রায়ের বিরুদ্ধে নির্ধারিত সময়ের মধ্যে আপিল করার সুযোগ রয়েছে।
হাসানুল হক ইনু ২০২৪ সালের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা এলাকা থেকে গ্রেপ্তার হন। পরে জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।






