# মেজর অব. আখতারুজ্জামান পুত্র শাহরিয়ার জামানের ওপর ছুরিকাঘাত, আটক ১ - Link: https://manobadhikarkontho.com/2026/11/05/shahriar-zaman-stabbing-katiadi-kishoreganj/ - Published: 2026-11-05T22:47:27+06:00 - Author: self **মানবাধিকার কণ্ঠ****  ****প্রতিবেদক** কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার গচিহাটা বাজারে ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনের বড়ো ছেলে শাহরিয়ার জামান রানা (৪০)। বুধবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। পাশাপাশি হামলার কারণ ও জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন সন্ধ্যায় গচিহাটা এলাকায় কয়েকজন যুবক ও কিশোরের সঙ্গে শাহরিয়ার জামানের কথা-কাটাকাটি হয়। এর আগে গচিহাটা কলেজ মাঠে মাদক সেবন নিয়ে তাঁদের সঙ্গে তাঁর বিরোধ তৈরি হয়েছিল বলে স্থানীয়দের ভাষ্য। ওই বিরোধের জেরেই হামলার ঘটনা ঘটেছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রাত ৮টার দিকে গচিহাটা বাজারের একটি ফার্মেসিতে অবস্থানকালে শাহরিয়ার জামানের ওপর হামলা হয়। এ সময় তাঁর বুকের ডান পাশে ছুরিকাঘাত করা হয়। হামলার পর স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। শাহরিয়ার জামানের বাবা মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান এ হামলার ঘটনায় স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তার অভিযোগ, রাজনৈতিক বিরোধের পাশাপাশি এলাকার কিছু ব্যক্তির বিভিন্ন অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদ করায় তাঁর ছেলেকে আক্রমণের শিকার হতে হয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা এখনো স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। অভিযোগে যাঁদের নাম এসেছে, তাঁদের বক্তব্যও তদন্তের স্বার্থে যাচাই করা প্রয়োজন। এদিকে, হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও তা মামলা হিসেবে নথিভুক্ত করা নিয়ে বাদীপক্ষ ও পুলিশের মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, লিখিত অভিযোগ দেওয়ার পরও মামলা গ্রহণ করা হয়নি। অন্যদিকে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম জানিয়েছেন, অভিযোগে কিছু সংশোধন প্রয়োজন হওয়ায় তা সংশোধন করে দিতে বলা হয়েছে। একজনকে আটক করা হয়েছে এবং ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। ব্যক্তিগত বিরোধ, রাজনৈতিক মতপার্থক্য কিংবা অপরাধের প্রতিবাদ, কোনো কারণেই কারও ওপর প্রাণঘাতী অস্ত্র নিয়ে হামলা গ্রহণযোগ্য হতে পারে না। একই সঙ্গে অভিযোগের নিরপেক্ষ তদন্ত, প্রকৃত অপরাধীদের শনাক্ত এবং আইনের আওতায় আনা জরুরি। সংশ্লিষ্টদের প্রত্যাশা, পুলিশ দ্রুত ঘটনার পূর্ণাঙ্গ রহস্য উদ্‌ঘাটন করবে এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলার সঙ্গে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনবে। তবে নিরাপরাধ কেউ রাজনৈতিক কারনে যেনো হয়রানি না হয় সেদিকেও খেয়াল রাখা জরুরি।  