# ডিজিএফআইয়ের দুই সদস্যের কারাদণ্ড, চাকরি থেকে বরখাস্ত - Link: https://manobadhikarkontho.com/2026/11/05/2034-2dgfi-two-members-one-year-jail-sentence/ - Published: 2026-11-05T23:52:24+06:00 - Author: self **মানবাধিকার কণ্ঠ প্রতিবেদক**   রাজধানীতে এক মোটরসাইকেল ব্যবসায়ীকে আটকে রেখে মারধর এবং ১০ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) দুই সদস্যকে সামরিক আইনে দোষী সাব্যস্ত করা হয়েছে। সামরিক আদালতের (কোর্ট মার্শাল) রায়ে তাঁদের প্রত্যেককে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁদের চাকরি থেকেও বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে। সাজাপ্রাপ্ত দুই সদস্য হলেন সার্জেন্ট আল মামুন ও ল্যান্স করপোরাল নুরুজ্জামান। সাজা কার্যকরের জন্য তাঁদের বেসামরিক কারাগারে পাঠানো হয়েছে। মামলার বিবরণ অনুযায়ী, গত ২৪ অক্টোবর রাতে মোটরসাইকেল কেনার কথা বলে রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউনের মোটরসাইকেল ব্যবসায়ী মো. শরীফকে একটি বাসায় ডেকে নেওয়া হয়। অভিযোগ রয়েছে, পরিচিতির সূত্র ধরে সোহেল রানা নামের এক আনসার সদস্য মোটরসাইকেল কেনার আগ্রহ দেখিয়ে তাঁকে সেখানে নিয়ে যান। পরে সোহেল রানা কৌশলে বাসা থেকে বেরিয়ে গেলে কিছুক্ষণ পর আরও কয়েকজন ব্যক্তি সেখানে প্রবেশ করেন। তারা শরীফকে একটি কক্ষে আটকে রেখে মারধর করেন এবং ভয়ভীতি দেখিয়ে ১০ লাখ টাকা দাবি করে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, ওই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার আশায় শরীফ মোটরসাইকেল কেনাবেচার উদ্দেশ্যে সঙ্গে রাখা ৭০ হাজার টাকা দিতে বাধ্য হন। কিন্তু অভিযুক্তরা তাতেও সন্তুষ্ট না হয়ে তাঁর কাছে আরও ১০ লাখ টাকা দাবি করেন। একপর্যায়ে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে টাকা সংগ্রহের চেষ্টা করেন তিনি। এজাহারের তথ্য অনুযায়ী, ২৫ অক্টোবর রাত আনুমানিক ৩টার দিকে শরীফকে ওই বাসা থেকে বের করে একটি সাদা রঙের গাড়িতে তোলা হয়। পরে তাঁকে শ্যামলীতে বাংলাদেশ শিশু হাসপাতালের সামনের এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে অভিযুক্ত ব্যক্তিরা গাড়ি থেকে নেমে গেলে সুযোগ বুঝে শরীফ বেরিয়ে এসে পুলিশের সহায়তা চান। তাঁর অভিযোগ শুনে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের আটক করে। পরে তাদের মোহাম্মদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী নিজে বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেন। মামলায় ডিজিএফআইয়ের দুই সদস্যের পাশাপাশি আনসার সদস্য সোহেল রানা এবং বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী মুকুল গাজী, মাহফুজুর রহমান ও জিয়াউল ইসলামকে আসামি করা হয়। মোট ছয়জনকে গ্রেপ্তারের পর আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছিলো। গ্রেপ্তারের পর ডিজিএফআইয়ের দুই সদস্যের বিরুদ্ধে সামরিক আইন অনুযায়ী তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ জন্য ২৭ অক্টোবর ডিজিএফআইয়ের পক্ষ থেকে তাদের সামরিক হেফাজতে নেওয়ার আবেদন করা হয়। আদালত সেই আবেদন মঞ্জুর করেন। পরবর্তী সময়ে সামরিক আইনের আওতায় তাঁদের বিচারিক কার্যক্রম পরিচালিত হয়। কোর্ট মার্শালে দোষী সাব্যস্ত হওয়ার পর দুজনকেই চাকরি থেকে বরখাস্ত এবং প্রত্যেককে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। সাজা কার্যকরের জন্য তাঁদের বেসামরিক কারাগারে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী ও নিরাপত্তা প্রতিষ্ঠানের সদস্যদের দায়িত্ব হচ্ছে নাগরিকের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করা। তাঁদের কারও বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ভয়ভীতি প্রদর্শন কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগ উঠলে তা নিরপেক্ষভাবে তদন্ত করা এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ঘটনায় সামরিক আদালতের রায় ও সাজা একটি গুরুত্বপূর্ণ দিক। তবে একই সঙ্গে বেসামরিক আদালতে দায়ের করা মামলার অন্যান্য আসামির বিচারিক প্রক্রিয়া এবং ভুক্তভোগীর ন্যায়বিচার নিশ্চিত করাও প্রয়োজন। রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের পরিচয় বা পদমর্যাদা যেন কোনোভাবেই আইনের ঊর্ধ্বে থাকার সুযোগ তৈরি না করে। নাগরিকের নিরাপত্তা, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় সব প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত করা জরুরি।  