# জাতীয় স্বার্থ রক্ষায় দূরদর্শী নেতৃত্ব গড়ার তাগিদ রাষ্ট্রপতির - Link: https://manobadhikarkontho.com/2026/11/02/1812-2president-national-interest-strategic-leadership/ - Published: 2026-11-02T20:35:51+06:00 - Author: self #### **নিজস্ব প্রতিবেদক **   ২ নভেম্বর ২০২৬: জাতীয় নিরাপত্তার নতুন চ্যালেঞ্জ মোকাবিলা এবং দেশের স্বার্থ সুরক্ষায় দূরদর্শী নেতৃত্ব, দক্ষ প্রতিষ্ঠান ও সম্মিলিত উদ্যোগ গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আন্তর্জাতিক সম্পর্ক ও নিরাপত্তাবিষয়ক সিদ্ধান্ত গ্রহণে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় মর্যাদা এবং জনগণের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। সোমবার (২ নভেম্বর) বঙ্গভবনে ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২৬ এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স- ২০২৬-এর অংশগ্রহণকারীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে রাষ্ট্রপতি এসব কথা বলেন। রাষ্ট্রপতি উল্লেখ করেন, পরিবর্তনশীল বিশ্বপরিস্থিতিতে বাংলাদেশকে সমৃদ্ধ, স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে এগিয়ে নিতে যোগ্য নেতৃত্ব এবং কার্যকর প্রাতিষ্ঠানিক কাঠামোর বিকল্প নেই। জাতীয় স্বার্থ রক্ষার পাশাপাশি অন্যান্য দেশের সঙ্গে সমতা, পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক বজায় রাখার প্রয়োজনীয়তাও তুলে ধরেন তিনি। সমসাময়িক নিরাপত্তা পরিস্থিতি ব্যাখ্যা করে রাষ্ট্রপতি বলেন, বর্তমানে নিরাপত্তার ঝুঁকি শুধু সামরিক ক্ষেত্রে সীমাবদ্ধ নেই। জলবায়ু পরিবর্তন, সাইবার অপরাধ, সন্ত্রাসবাদ, আন্তদেশীয় অপরাধ, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং মহামারির মতো বিষয়ও রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য চ্যালেঞ্জ তৈরি করছে। খাদ্য ও জ্বালানির নিরাপত্তা, অর্থনৈতিক সক্ষমতা, পরিবেশ সংরক্ষণ এবং প্রযুক্তিগত অগ্রগতিও জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ অংশ। তিনি আরও বলেন, বঙ্গোপসাগর ও বৃহত্তর ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থানের কারণে আন্তর্জাতিক পরিস্থিতি বিশ্লেষণ করে বিচক্ষণ সিদ্ধান্ত নেওয়া জরুরি। কৃত্রিম বুদ্ধিমত্তা, স্বয়ংক্রিয় প্রযুক্তি ও সাইবার হুমকির বিস্তার নিরাপত্তাব্যবস্থায় নতুন বাস্তবতা তৈরি করছে। ভুল তথ্য ও অপতথ্য গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর জন্যও উদ্বেগের কারণ হয়ে উঠছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্লেষণী দক্ষতা, কৌশলগত চিন্তা, পেশাদারিত্ব এবং বিভিন্ন প্রতিষ্ঠান ও দেশের সঙ্গে সমন্বয় করে কাজ করার সক্ষমতা অর্জনের ওপর জোর দেন রাষ্ট্রপতি। বক্তব্যে তিনি মুক্তিযুদ্ধের শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান। পাশাপাশি ২০২৪ সালের গণঅভ্যুত্থান ও গণতন্ত্র প্রতিষ্ঠার দীর্ঘ আন্দোলনে আত্মোৎসর্গকারীদের স্মরণ করে ন্যায়বিচার, জবাবদিহি এবং জনগণের মর্যাদা প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। ন্যাশনাল ডিফেন্স কলেজের ভূমিকার প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, সামরিক বাহিনী, বেসামরিক প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার কর্মকর্তাদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় এবং সমসাময়িক নিরাপত্তা বিষয়ে অভিন্ন ধারণা তৈরিতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ। তিনি কোর্সে অংশগ্রহণকারীদের দেশ ও জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সততা, শৃঙ্খলা ও জবাবদিহির সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। একই সঙ্গে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানো, সংলাপের মাধ্যমে মতপার্থক্য নিরসন এবং শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মো. ফয়জুর রহমান স্বাগত বক্তব্য দেন। উল্লেখ্য, ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২৬-এ বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ৫৪ জন, বাংলাদেশ সিভিল সার্ভিসের ১৮ জন এবং ১৭টি বন্ধুপ্রতিম দেশের ৩১ জনসহ মোট ১০৩ জন অংশগ্রহণ করছেন।