# অধিকারবঞ্চিত শিশুদের পুনর্বাসনের উদ্যোগ সরকারের - Link: https://manobadhikarkontho.com/2026/10/30/www-manobadhikarkontho-com-underprivileged-children-rehabilitation/ - Published: 2026-10-30T19:54:45+06:00 - Author: self ### **মানবাধিকার কন্ঠ প্রতিবেদক** #### চট্টগ্রাম, ৩০ অক্টোবর ২০২৬: পথশিশু, এতিম, পরিত্যক্ত ও বিভিন্নভাবে অধিকারবঞ্চিত শিশুদের শিক্ষা, প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহায়তা দিয়ে সমাজের মূলধারায় ফিরিয়ে আনতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং নারী ও শিশুবিষয়কমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। #### শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। কেন্দ্রের শিশুদের শিক্ষা, প্রশিক্ষণ ও পুনর্বাসন কার্যক্রমের অগ্রগতি সরেজমিনে পর্যালোচনা করতেই তাঁর এ সফর। #### মন্ত্রী বলেন, যেসব শিশু পরিবার ও সমাজের কাছ থেকে প্রয়োজনীয় যত্ন এবং অধিকার থেকে বঞ্চিত, তাদের উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণের সুযোগ তৈরি করা জরুরি। এসব শিশুকে স্বাবলম্বী করে সমাজে প্রতিষ্ঠিত করাই সরকারের পুনর্বাসন কার্যক্রমের অন্যতম লক্ষ্য। #### পথশিশু ও ভিক্ষাবৃত্তিতে জড়িত শিশুদের বিষয়ে তিনি বলেন, পুনর্বাসনের উদ্যোগ সফল করতে হলে প্রথমে তাদের মানসিক ও সামাজিক সহায়তা দিতে হবে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিশুদের স্বাভাবিক জীবনে ফেরানোর চেষ্টা চলছে। #### পরিদর্শনের আগে মন্ত্রী কেন্দ্রের প্রাঙ্গণে একটি পেয়ারা গাছের চারা রোপণ করেন। পরে কেন্দ্রের শিশুদের আঁকা দেয়ালিকা **‘আলোকবর্তিকা’র ১২তম সংখ্যা** উন্মোচন করেন। এ সময় শিশুরা দেশাত্মবোধক গান ও নৃত্য পরিবেশন করে। #### কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আক্তার জানান, এখানে পথশিশু, শ্রমজীবী, গৃহকর্মে নিয়োজিত, এতিম, পরিত্যক্ত, পাচার থেকে উদ্ধার হওয়া, আইনের সংস্পর্শে আসা এবং প্রতিবন্ধী শিশুসহ ১৬ ধরনের শিশু সেবা পায়। তাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও কারিগরি প্রশিক্ষণের পাশাপাশি জীবনমান উন্নয়নে সহায়তা দেওয়া হয়। #### তিনি জানান, ২০১২ সালের ১২ আগস্ট প্রতিষ্ঠার পর থেকে কেন্দ্রটি থেকে মোট ২ হাজার ২৪টি শিশু সেবা পেয়েছে। তাদের মধ্যে ১ হাজার ৩৭৮ জনকে বিভিন্নভাবে পুনর্বাসন করা হয়েছে এবং ৫০০ শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। #### বর্তমানে কেন্দ্রটিতে ১০০ জন বালক ও ১০৪ জন বালিকা রয়েছে। তাদের বয়স ৬ থেকে ১৮ বছরের মধ্যে। #### পরিদর্শনকালে বিভাগীয় ও জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা, হাটহাজারী উপজেলা প্রশাসনের প্রতিনিধি এবং কেন্দ্রের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।