# চাঁদাবাজি, ছিনতাই, দস্যুতা ও ডাকাতির মতো গুরুতর অপরাধ দমনের উদ্যোগ - Link: https://manobadhikarkontho.com/2026/10/30/1656-2quick-trial-tribunal-amendment-law-2026/ - Published: 2026-10-30T19:02:31+06:00 - Author: self **নিজস্ব প্রতিবেদক|মানবাধিকার কণ্ঠ**   _ডিজিটাল তথ্য সাক্ষ্য হিসেবে গ্রহণের প্রস্তাব । _ _থাকছে-মতামত দেওয়ার সুযোগ।_ চাঁদাবাজি, ছিনতাই, দস্যুতা ও ডাকাতির মতো গুরুতর অপরাধের বিচার দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে ‘দ্রুত বিচার ট্রাইব্যুনাল (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া প্রকাশ করেছে সরকার। জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমনে বিচারিক কার্যক্রম আরও গতিশীল করার উদ্দেশ্যে প্রস্তাবিত সংশোধনীর ওপর জনসাধারণের মতামত চাওয়া হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, গুরুতর অপরাধের মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা অপরাধ নিয়ন্ত্রণের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করছে। এ পরিস্থিতি মোকাবিলায় ২০০২ সালের দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইনকে সময়োপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে। সচিবালয় নির্দেশমালা ২০২৪-এর ২২৮ নম্বর অনুচ্ছেদ এবং রুলস অব বিজনেসের ৩১(এ) বিধি অনুসরণ করে খসড়াটি প্রকাশ করা হয়েছে। প্রস্তাবিত সংশোধনীর ১৬ ধারায় অপরাধ বা অভিযুক্তের সঙ্গে সংশ্লিষ্ট অনলাইন কথোপকথন, ডিজিটাল যোগাযোগ, স্থিরচিত্র ও ভিডিও ফুটেজকে বিচারের ক্ষেত্রে ডিজিটাল সাক্ষ্য হিসেবে গ্রহণের বিধান রাখার কথা বলা হয়েছে। খসড়ার ৬ ধারায় অপরাধের আওতা পরিবর্তনের প্রস্তাবও রয়েছে। এতে দণ্ডবিধির ৩৮৪ থেকে ৩৮৯ ধারায় বর্ণিত চাঁদাবাজি এবং ৩৯২ থেকে ৪০২ ধারায় উল্লেখিত দস্যুতা ও ডাকাতিকে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। এ ছাড়া আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২-এর ২(খ) ধারায় সংজ্ঞায়িত অপরাধগুলোকেও প্রস্তাবিত আইনের আওতায় রাখার কথা রয়েছে। বিশেষ আদালতের সংজ্ঞা সম্প্রসারণের বিষয়টিও খসড়ায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এবং অ্যাসিড অপরাধ দমন আইন, ২০০২-এর অধীনে গঠিত ট্রাইব্যুনালসহ আইন অনুযায়ী প্রতিষ্ঠিত অন্যান্য বিশেষ আদালতকে যুক্ত করার প্রস্তাব রয়েছে। পাশাপাশি ‘দণ্ডবিধি’ বলতে দণ্ডবিধি, ১৮৬০-কে সুনির্দিষ্টভাবে বোঝানোর কথা বলা হয়েছে। আইন ও বিচার বিভাগ জানিয়েছে, খসড়াটি নিয়ে কোনো আপত্তি, অভিযোগ বা পরামর্শ থাকলে নির্ধারিত সময়ের মধ্যে লিখিতভাবে অথবা আইন ও বিচার বিভাগের সিনিয়র সহকারী সচিব (বিচার শাখা-৪) বরাবর লিখিতভাবে  section4@lawjusticediv.gov.bd ই-মেইলে মতামত পাঠানো যাবে। প্রকাশিত বিজ্ঞপ্তিতে সাত দিনের মধ্যে মতামত পাঠানোর কথা বলা হয়েছে। তবে একই সঙ্গে ১ নভেম্বরের পর আর কোনো মতামত গ্রহণ করা হবে না বলে উল্লেখ রয়েছে। খসড়াটি এখনো প্রস্তাবিত পর্যায়ে রয়েছে। জনমত পর্যালোচনা ও পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে এর চূড়ান্ত রূপ নির্ধারিত হবে।