# ব্যানার ফেস্টুনে নতুন সাজে সেজেছে ঠাকুরগাঁ-যেনো উৎসবের আমেজ ! - Link: https://manobadhikarkontho.com/2026/09/06/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%81%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%be/ - Published: 2026-09-06T01:40:12+06:00 - Author: self **মানবাধিকার কন্ঠ প্রতিবেদক ** রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ জেলা ঠাকুরগাঁও সফরকে কেন্দ্র করে পুরো জেলাজুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। আগামী ৬ ও ৭ সেপ্টেম্বর দুই দিনের সরকারি সফরে রাষ্ট্রপতি হিসেবে প্রথমবারের মতো নিজ মাটিতে আসছেন তিনি। শৈশব-কৈশোরের স্মৃতিবিজড়িত ঠাকুরগাঁও শহরকে ঘিরে ইতোমধ্যে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। বিভিন্ন স্থানে নির্মাণ করা হচ্ছে তোরণ, চলছে আলোকসজ্জা ও পরিচ্ছন্নতার কাজ। রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতাকর্মী ও পৌরসভার কর্মীদের ব্যস্ততাও বেড়েছে। সাধারণ মানুষের মধ্যেও দেখা দিয়েছে ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস। রাষ্ট্রপতির সফরসূচি অনুযায়ী, ৬ সেপ্টেম্বর রোববার সকাল ১০টায় হেলিকপ্টারযোগে ঠাকুরগাঁওয়ের উদ্দেশে রওনা হবেন তিনি। সকাল ১১টা ৪০ মিনিটে ঠাকুরগাঁও মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে তাঁর অবতরণের কথা রয়েছে। এরপর তিনি জেলা সার্কিট হাউসে গিয়ে গার্ড অব অনার গ্রহণ করবেন। সেখান থেকে রাষ্ট্রপতি শহরের সেনুয়া পাড়ার পারিবারিক কবরস্থানে যাবেন। সেখানে তাঁর বাবা সাবেক মন্ত্রী মরহুম মির্জা রুহুল আমীন (চোখামিয়া) ও মা ফাতেমা বেগমের কবর জিয়ারত করবেন। পরে রাষ্ট্রপতি শহরের কালীবাড়িতে নিজ বাসভবনে যাবেন। দুপুরের খাবার ও বিশ্রাম শেষে বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে নাগরিক কমিটির আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন। এতে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশ নেওয়ার প্রস্তুতি চলছে। সংবর্ধনা শেষে নিজ বাসভবনে ফিরে গণ্যমান্য ব্যক্তি, আত্মীয়স্বজন ও স্থানীয়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন রাষ্ট্রপতি। সেখানেই তাঁর রাত্রিযাপনের কথা রয়েছে। সফরের দ্বিতীয় দিন ৭ সেপ্টেম্বর রাষ্ট্রপতি ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে সদর উপজেলার জামালপুর এলাকায় প্রস্তাবিত ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপর নিজ বাসভবনে ফিরে দুপুরের খাবার ও বিশ্রাম শেষে সার্কিট হাউসে যাবেন। পরে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে ঠাকুরগাঁও ছাড়ার কথা রয়েছে তাঁর। রাষ্ট্রপতির সফরকে ঘিরে জেলাজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এসএসএফ, পিজিআর, বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন। সফরের সম্ভাব্য স্থান, যাতায়াতের পথ ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা। রাষ্ট্রপতির সংবর্ধনা কমিটির আহ্বায়ক ডা. আবু মো. খয়রুল কবির বলেন, রাষ্ট্রপতি শুধু দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে থাকা ব্যক্তি নন, তিনি ঠাকুরগাঁওয়ের সন্তান। তাঁর নিজ মানুষের কাছে ফিরে আসা জেলার মানুষের জন্য গর্ব ও আবেগের বিষয়। জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিনও রাষ্ট্রপতির প্রথম নিজ জেলা সফরকে আনন্দ, গর্ব ও আবেগের ঘটনা হিসেবে উল্লেখ করেছেন। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল হক জানান, ৬ ও ৭ সেপ্টেম্বরের সফর নির্বিঘ্ন করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট দপ্তর, সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কর্মসূচি বাস্তবায়নের কাজ চলছে। পুলিশ সুপার (এসপি) মো. বেলাল হোসেন বলেন, রাষ্ট্রপতির দুই দিনের সফরকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থান ও যাতায়াতের পথ নিরাপত্তার আওতায় আনার পাশাপাশি সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রাখার বিষয়টিও গুরুত্ব দেওয়া হচ্ছে। **সূত্র: বাসস**