# মক্কা চুক্তির ওপর নিবিড় নজর রাখছে ভারত : জয়সোয়াল - Link: https://manobadhikarkontho.com/2026/08/29/%e0%a6%ae%e0%a6%95%e0%a7%8d%e0%a6%95%e0%a6%be-%e0%a6%9a%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%93%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a1%e0%a6%bc/ - Published: 2026-08-29T01:11:38+06:00 - Author: self #### **দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও মোকাবিলার দায়িত্ব বাংলাদেশ সরকারের। সেই দায়িত্ব সরকারের যথাযথভাবে পালন করা উচিত।** _**নিজস্ব প্রতিবেদক**_ #### মক্কা চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়ার আগ্রহের বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে ভারত। বিশেষ করে কোনো সিদ্ধান্ত বা ঘটনাপ্রবাহ ভারতের নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট হলে সেটিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। #### শুক্রবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ব্রিফিংয়ে এক সাংবাদিক মক্কা চুক্তিতে বাংলাদেশের সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে ভারতের অবস্থান জানতে চান। প্রশ্নে তিনি উল্লেখ করেন, বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এর আগে চুক্তিটিতে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। এর পর গত বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানও মক্কা চুক্তিকে ইতিবাচক হিসেবে বর্ণনা করেন। #### পররাষ্ট্রমন্ত্রী বলেন, চুক্তিটি যদি আরও বিস্তৃত পরিসরে কার্যকর হয়, তাহলে এটি বিশ্ব মুসলিম সমাজের আত্মরক্ষার একটি ব্যবস্থা হিসেবে বিবেচিত হতে পারে। তাঁর ভাষ্য অনুযায়ী, এটি মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয় এবং এ নিয়ে অন্য কারও উদ্বেগের কারণ নেই। মক্কা চুক্তিতে বাংলাদেশের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ চুক্তিটিকে ইতিবাচক দৃষ্টিতে দেখছে। তবে এতে যোগ দেওয়া কিংবা না দেওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। বিষয়টি নির্ভর করবে চুক্তির সদস্যদের অভিপ্রায়ের ওপর। সদস্যরা বাংলাদেশকে এতে অন্তর্ভুক্ত করার আগ্রহ প্রকাশ করলে বাংলাদেশ তা ইতিবাচকভাবে বিবেচনা করবে। #### বাংলাদেশের এ আগ্রহ সম্পর্কে ভারতের অবস্থান জানতে চাইলে জয়সোয়াল বলেন, সংশ্লিষ্ট সব ঘটনাপ্রবাহের ওপর ভারত ঘনিষ্ঠ নজর রাখছে। বিশেষ করে যেসব বিষয় ভারতের নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত, সেগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। দেশের নিরাপত্তা সুরক্ষায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হয় বলেও জানান তিনি। #### এদিকে ব্রিফিংয়ে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর সাম্প্রতিক হামলার বিষয়টিও উঠে আসে। একজন সাংবাদিক বলেন, সম্প্রতি দুটি পরিবার হামলার শিকার হয়েছে এবং পরিবারের সদস্যরা নিহত হয়েছেন। এ ঘটনায় বাংলাদেশ সরকার যথাযথ ব্যবস্থা নিচ্ছে কি না এবং বিষয়টি ভারতের জন্য উদ্বেগের কি না—তা জানতে চান তিনি। #### জবাবে রণধীর জয়সোয়াল বাংলাদেশ সরকারের বিরুদ্ধে কোনো বিরূপ মন্তব্য করেননি। তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও মোকাবিলার দায়িত্ব বাংলাদেশ সরকারের। সেই দায়িত্ব সরকারের যথাযথভাবে পালন করা উচিত।